More
    Homeখেলাচ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়ে ওয়ার্ল্ডকাপের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়ে ওয়ার্ল্ডকাপের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়ে ওয়ার্ল্ডকাপের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত।

     

    টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচের পরে জয় এসেছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের হাত ধরে। সাধারণ ভারতবাসীর সঙ্গে ভারতের জয় উদযাপন করেছেন বিনোদন জগতের তারকারাও।

     

    পুরো ভারতের নজর যখন ভারতীয় ক্রিকেট দলের উপর, তখন কপালে চিন্তার ভাঁজ বিগ বি-র।

     

    অমিতাভ বচ্চন জানিয়েছেন, খেলা চলাকালীন অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। কোথায় বসে খেলা দেখবেন থেকে কীভাবে বসে খেলা দেখবেন, সবটাই মনের মধ্যে ছকে নিতে হয়েছিল গত মঙ্গলবার। কোনটি করলে ভারতের জয় নিশ্চিত, সেই নিয়ে বেশ ভাবনাচিন্তা করতে হয়েছিল নাকি।

     

    বর্ষীয়ান অভিনেতার পোস্ট দেখলেই বোঝা যায়, তিনিও আর পাঁচজন সাধারণ ভারতবাসীর মতোই ক্রিকেট উপভোগ করেন।

     

    অমিতাভ পোস্টে লেখেন, ‘মাঝে মাঝে কিছু জিনিস শেষ হয় একটি নতুন শুরুর জন্য! ম্যাচ… ক্রিকেট… ফাইনালের সিদ্ধান্ত… এবং একে একে সব ধরনের সমীকরণ এবং ধারণাগুলি মনে এবং শরীরে প্রবাহিত হতে শুরু করে….যখন একটি খেলা দেখতে দেখতে বুঝতে পারি, আমরা হেরে যাচ্ছি, তখন আর খেলাটি দেখব কিনা থেকে শুরু করে আজকের খেলায় যেখানে আমাকে ভাবতে হচ্ছে…এক পা আরেক পায়ের উপর রাখব…. কোন পায়ের উপর কোন পা তুলব….কীভাবে বসব…পা বাঁকানো না সোজা….. জুতো পরে থাকব না কি জুতো খুলে….. যা! একটা উইকেট পড়ে গেল… না না না….আগে যেরকম ভাবে বসে ছিলাম, সে রকম ভাবেই বসব…..’ ‘দাঁড়াও…’

     

    স্পষ্টই বোঝা যাচ্ছে, খেলা দেখার সময়ে কুসংস্কারে ভরে ওঠে অভিনেতার মন। হাজার হাজার ভারতীয়ের মতোই আবেগপ্রবণ হয়ে গিয়ে যুক্তিবোধ হারিয়ে যায় তাঁরও।

     

    অভিনেতা জানান, বিরতির সময়ও মনের মধ্যে চিন্তা কাজ করে যে তিনি উঠবেন কিনা বা একটু হাটবেন কিনা। তবে যতক্ষণ না খেলা শেষ হচ্ছে এবং ভারত জিতছে, ভয় জাঁকিয়ে বসে থাকে।

     

    অমিতাভের ভাষায়, ‘ব্যাস, এবার ফাইনালের অপেক্ষা… আজকের মতো এইটুকুই, এই একই জিনিস আবার ফাইনালের দিন হবে… আমার মনে হয় না আমি অন্য কখনও এত চিন্তায় ডুবে থাকি, যতটা ক্রিকেট দেখার সময় হয়ে থাকি।

     

    অবশেষে কাজে ফেরার কথাও লিখেছেন অভিনেতা। অমিতাভ জানান, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র কিছু কাজ বাকি আছে। সেগুলি সেরেই যত দ্রুত সম্ভব আবার নতুনভাবে দর্শকদের সামনে ফিরতে চান তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments