প্রেম হয়তো এক সময় কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের এর মধ্যে ছিল, তবে এখন তারা সম্পূর্ণ দুই ভিন্ন মেরুর মানুষ। তারা একসঙ্গে সিনেমায় কাজ করলেও এখন একে অপরের থেকে দূরে থাকতে পছন্দ করেন। সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে এক মহিলা জওয়ান কুলবিন্দর কৌর চড় মারার ঘটনায় দেশে শোরগোল পড়ে গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফায়ে ডি’সুজার একটি পোস্টে লাইক দেন হৃতিক রোশন, যা দেখে মনে হয়েছে যে তিনি কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন।
কঙ্গনা ও হৃতিক ‘কৃষ ৩’ এবং ‘কাইট’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। তারপর কঙ্গনা অভিযোগ করেন যে, বিবাহিত হওয়া সত্ত্বেও হৃতিক তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। এই ঘটনার পর তাদের মধ্যে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি হয়, যা এখন অতীত। বর্তমানে হৃতিক অতীতের সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং তার বর্তমান জীবনে রয়েছেন সাবা, এবং কঙ্গনা এখন নতুন নির্বাচিত সাংসদ।
দিল্লিতে যাওয়ার সময় কঙ্গনাকে চড় মারার ঘটনায় সাংবাদিক ফায়ে ডি’সুজা সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনও কিছুর জবাব হিংসা হতে পারে না। মহাত্মা গান্ধীর অহিংসার নীতির দেশে হিংসাত্মক প্রতিবাদ করা উচিত নয়। ফায়ের এই পোস্টে লাইক দিয়েছেন হৃতিক রোশন, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, জোয়া আখতার ও সোনি রাজদান। কঙ্গনার বক্তব্যের সমর্থন না করলেও হিংসার বিরোধিতা করেছেন ঋতাভরী ও বিদীপ্তা।অন্যদিকে, মহিলা জওয়ান কুলবিন্দর কৌরেকে চাকরির প্রস্তাব দিয়ে পাশে দাঁড়িয়েছেন সুরকার বিশাল দদলানি।
